
মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ২ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল মদ এবং বিভিন্ন ধরনের ৪৫১ বোতল সিরাপ। এসব মাদকদ্রব্যের জব্দমূল্য ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার মতিহার থানাধীন জাহাজঘাট এলাকায় অভিযান চালায় তালাইমারী বিওপির বিজিবি সদস্যরা। মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীরে অবস্থান নেন তাঁরা।
দীর্ঘক্ষণ ওত পেতে থাকার পর দুই ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাঁদের আটক করতে ধাওয়া করলে তাঁরা সঙ্গে থাকা বস্তা ফেলে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শাহাবুল (৩২) ও মাহবুর (২৮) হিসেবে শনাক্ত করে বিজিবি। তাঁরা দুজনই রাজশাহীর কাটাখালী থানার চরখানপুর গ্রামের জিন্নাহ আলীর ছেলে বলে জানানো হয়েছে।
পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে বিজিবি সদস্যরা ২ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল ভারতীয় বুল ফাইটার মদ, ১৯২ বোতল ভারতীয় ইসকাপ সিরাপ, ৯৮ বোতল ভারতীয় কোকো সিরাপ এবং ১৬১ বোতল ভারতীয় ব্রনকফ সিরাপ জব্দ করেন।
বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় শনাক্ত দুই পলাতক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ জব্দ করা মাদকদ্রব্য মতিহার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।