
মোমিন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-
পঞ্চগড়ের দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাহেদ বাদশা, একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে আক্তার হোসেন এবং দুলাল হোসেনের ছেলে ফরহাদ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল অভিযান চালায়। অভিযানে অনলাইন ক্যাসিনো খেলার সময় ওই তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৬/(১৯)(১) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অবৈধ অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।