
মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধিঃ-
রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেয়ারডিলসহ মো. শরিফুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহী।
আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে চারঘাট থানাধীন সারদা ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম চারঘাট থানার আলাইপুর এলাকার মো. আবুল হাশেমের ছেলে।
এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে চারঘাট থানার সারদা ট্রাফিক মোড় হয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল ০৮:৪০ ঘটিকায় চারঘাট থানাধীন রাজশাহী ক্যাডেট কলেজগামী সারদা ট্রাফিক মোড়ের উত্তর পাশে ‘মেসার্স সাফাত এন্টারপ্রাইজ’-এর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্ট পরিচালনা করার সময় একটি যাত্রীবিহীন অটোরিকশা আসলে তা তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ি চালকের পায়ের কাছে একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে তা তল্লাশি করে ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ২০০ বোতল ফেয়ারডিল পাওয়া যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ২০০ বোতল ফেয়ারডিল, ১টি অটোরিকশা এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এসআরবি-৫ জানায়, দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে