
মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:-
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি এলাকার একটি লিচুবাগানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি আভিযানিক দল।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি-৫ সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানের পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের বস্তা পড়ে থাকার খবর পায় আভিযানিক দল। খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তাটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতর থেকে হাতে তৈরি ১০৩টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
উদ্ধার করা ককটেলগুলোর মধ্যে ৬৪টি লাল রঙের কসটেপে মোড়ানো এবং ৩৯টি কালো রঙের কসটেপে মোড়ানো ছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধার করা আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্রসংশ্লিষ্ট অপরাধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।