
মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধিঃ-
পঞ্চগড়ের দেবীগঞ্জে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। উৎসবের আনন্দে মুখরিত পূজামণ্ডপগুলোতে প্রতিদিনই প্রতিমা দর্শনে আসছেন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক মানুষ। তবে উৎসবের এই আনন্দের মধ্যেই সড়কে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। দেবীগঞ্জের সড়ক দিয়ে পাথর ও বালুবোঝাই ভারী ট্রাক চলাচল অব্যাহত থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেবীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে দর্শনার্থীদের আনাগোনা বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর প্রতিমা দর্শনে বের হন বিভিন্ন বয়সী মানুষ। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে পূজার আনন্দ উপভোগ করেন তাঁরা। এ সময় সড়কে সাধারণ মানুষের পাশাপাশি ভারী যানবাহন চলাচল করায় নিরাপদ যাতায়াত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, পূজামণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে পাথর ও বালুবোঝাই ট্রাক চলাচল অব্যাহত থাকলে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে যাঁরা পূজামণ্ডপে যাতায়াত করছেন, তাঁদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। উৎসবের সময় সড়কে মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় ভারী যানবাহনের গতি ও চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি বলে মনে করছেন সচেতন ব্যক্তিরা।
সাধারণত দুর্গাপূজার সময় বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। ফলে গুরুত্বপূর্ণ সড়ক ও পূজামণ্ডপসংলগ্ন এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ভারী ট্রাকের অবাধ চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ অবস্থায় দেবীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি বাড়ানো এবং পূজামণ্ডপসংলগ্ন এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন সচেতন মহল। বিশেষ করে দর্শনার্থীদের যাতায়াতের ব্যস্ত সময়ে পাথর ও বালুবোঝাই ট্রাক চলাচলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
সচেতন মহলের মতে, পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সড়কেও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। উৎসবের আনন্দ যেন কোনো দুর্ঘটনার কারণে বিষাদে পরিণত না হয়, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ।
তাই শারদীয় দুর্গাপূজায় দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পঞ্চগড় জেলা প্রশাসন, দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও দেবীগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। উৎসব চলাকালে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি নির্বিঘ্নে পূজার আনন্দ উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।