
পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-
বরিশালের গৌরনদীতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় গৌরনদী উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গয়ানঘাটা ঠাকুরবাড়ি মন্দিরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।
গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি নির্মল চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, ওসি (তদন্ত) মোহাম্মদ মামুন, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি এবং সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পালরদী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তপন রায়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সদস্য ও গৌরনদী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী গৌর ঘোষ, বঙ্কিমচন্দ্র দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গল শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় ধর্মীয় স্লোগান, ভক্তিমূলক গান ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, বিশ্বশান্তি, দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং মঙ্গল কামনায় প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণের আদর্শ ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।