
সিলেটের আবাসিক হোটেলে শেষনিঃশ্বাস, স্ত্রী-সন্তানসহ স্বজনদের মাঝে রেখে গেলেন গভীর শূন্যতা
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
গৌরনদীর পরিচিত মুখ, বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মো. মনিরুজ্জামান মিয়া (জামান) আর নেই। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকাল ৬টার দিকে সিলেটের একটি আবাসিক হোটেলে আকস্মিক স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার-সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। তাঁর মৃত্যুর সংবাদে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মরহুম জামান মিয়া গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী এবং সংলগ্ন মিয়া বাড়ির বাসিন্দা, উত্তর বিজয়পুরের মোতালেব হোসেন মিয়ার বড় ছেলে। তাঁর বাবা মোতালেব হোসেন মিয়া গৌরনদী পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার।
জামান মিয়ার এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে গভীর শোক। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজন রেখে গেছেন। তাঁর চলে যাওয়ায় স্বজনদের জীবনে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা।
এদিকে জামান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। শোক প্রকাশ করেছে গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনগুলো। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জামান মিয়ার জানাজার নামাজের সময় ও স্থান পরবর্তী সময়ে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।