
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান অভিযুক্ত ও মূল পরিকল্পনাকারী মোঃ সুমন শিকদারকে (২৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল। ২৭ সেপ্টেম্বর ২০২৬ ভোরে বাকেরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশাল ও এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকার একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সুমন শিকদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী এলাকার মোঃ বাবুল শিকদারের ছেলে।
এসআরবি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় বাকেরগঞ্জের আলোচিত ভ্যানচালক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পরকীয়া সম্পর্ক ও পূর্ববিরোধের জের ধরে গ্রেপ্তার সুমন শিকদারসহ অন্যান্য অভিযুক্তরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিম সুমন শিকদারকে হত্যার পরিকল্পনা করে।
ঘটনার দিন ১০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গ্রেপ্তার সুমন শিকদারসহ অন্যান্য অভিযুক্তরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত অবস্থায় ভিকটিমকে তার বসতঘর থেকে বাইরে নিয়ে আসে। পরে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বরিশালের বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮, বরিশালের অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুমন শিকদারের অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন শিকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।