
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
প্রেমের সম্পর্কের টানে গাজীপুর থেকে বরগুনার পাথরঘাটায় এক হিন্দু তরুণের কাছে ছুটে এসেছেন এক মুসলিম তরুণী। সম্প্রতি এসএসসি পরীক্ষা দেওয়া ওই তরুণী কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটায় আসা ওই তরুণীর সঙ্গে শুভ নামে এক তরুণের প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগের মধ্য দিয়ে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।
শুভ স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করেন। তার নিজস্ব কোনো বাড়িঘর নেই এবং তিনি একটি মন্দিরে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
তরুণী পাথরঘাটায় আসার পর বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় ওই তরুণী জানান, তিনি শুভকেই বিয়ে করতে চান।
তবে ঘটনার শুরুতে শুভ দাবি করেন, ওই তরুণীকে তিনি তার কাছে আসতে বলেননি এবং তাকে বিয়ে করার ইচ্ছাও তার নেই। পরে অবশ্য তিনি স্বীকার করেন, তাদের মধ্যে প্রায় দুই বছর ধরে সম্পর্ক রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ হতো।
এদিকে, ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর সম্পর্ক ও বিয়ের বিষয়টি সামনে আসায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা তৈরি হয়েছে। দুই পরিবারের মতামত, ধর্মীয় বিধান এবং সামাজিক বাস্তবতা—সবকিছু মিলিয়ে বিষয়টি এখন জটিল আকার ধারণ করেছে।
তরুণীর পরিবারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হবে এবং শেষ পর্যন্ত ওই সম্পর্কের পরিণতি কী হয়, তা নিয়েই এখন স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
তবে এমন পরিস্থিতিতে আবেগের পাশাপাশি পরিবার, ধর্মীয় মূল্যবোধ, ভবিষ্যৎ জীবন ও পারস্পরিক সম্মতির বিষয়গুলো বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।