
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা পদকপ্রাপ্ত বরিশালের আগৈলঝাড়ার প্রবীণ শিক্ষক রমণী কান্ত বেপারীকে স্থানীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী কর্তৃক সম্মাননা পাওয়া শিক্ষক রমণী কান্ত বেপারীকে সংবর্ধনা দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) জনাব এম জহির উদ্দিন স্বপন।
এর আগে সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গুণী শিক্ষকদের সম্মাননা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই অনুষ্ঠানে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের শিক্ষক রমণী কান্ত বেপারী সম্মাননা পদক লাভ করেন।
স্থানীয়ভাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগৈলঝাড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে অবদান রাখা শিক্ষক রমণী কান্ত বেপারীর এই সম্মাননা প্রাপ্তিতে স্থানীয়ভাবে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।