
এ,এস,মামুন স্টাফ রিপোর্টারঃ-
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৬-১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে। জুলাই বিপ্লবকে ছোট করে দেখার সুযোগ নেই। খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা গণতান্ত্রিক সংগ্রামের সফল পরিণতি হয়েছে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের সাড়ে চার হাজারেরও বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারের শিকার হতে দেখেছি। সাতশ’র অধিক সহযোদ্ধা গুমের শিকার হয়েছেন। তাদের স্বজনেরা এখনো জায়নামাজে বসে তাহাজ্জুদ নামাজ শেষে স্বজনদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।”
তিনি আরও বলেন, “৬০ লাখের বেশি বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি ও মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।”
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মুক্তির দিশারী হিসেবে স্বাধীনতার ঘোষণা দিতে পেরেছিলেন। তাঁর পাশে ছিলেন বেগম খালেদা জিয়ার মতো একজন যোগ্য সহধর্মিণী। জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে খালেদা জিয়া তাঁর ছায়াসঙ্গী হিসেবে ছিলেন।
তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর বেগম খালেদা জিয়া তখন দুই নাবালক সন্তান নিয়ে সংসারের দায়িত্ব গ্রহণ করেন। একই সময়ে বিএনপিও কঠিন সময় পার করছিল। দলের সিনিয়র নেতারা তাঁকে বিএনপির হাল ধরার আহ্বান জানান। একদিকে দুই সন্তান ও সংসারের দায়িত্ব, অন্যদিকে বিএনপির নেতৃত্ব নিয়ে তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আইনমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তির দিশারী হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাঁর নেতৃত্বে দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাইয়ের গণআন্দোলন সফল পরিণতি লাভ করেছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। সভায় বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।