
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, প্রজন্ম গড়ার এক মহান দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা জীবনের গুরুত্বপূর্ণ সময় শিক্ষা বিস্তারে ব্যয় করেছেন, বিশ্ব শিক্ষক দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়েছে বরিশালের গৌরনদীতে।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে তাঁদের দীর্ঘদিনের অবদান স্মরণ করে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; তাঁর জ্ঞান, আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে গড়ে ওঠে একটি প্রজন্ম। সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের অবদান তাই অনস্বীকার্য। অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মান জানানো তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহা আলম কবিরাজ, মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি সৈয়দ নকিবুল হক, সাংবাদিক সাকিবুল্লাহ বিলাল এবং গৌরনদী পৌর যুবদলের নেতা বি এম জামাল হোসেন।
গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব এস এম আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবীণ ও প্রয়াত শিক্ষকদের শিক্ষা ও সমাজ গঠনে অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।