
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদী উপজেলায় নিরাপদ খাদ্য ও নিরাপদ ঔষধ নিশ্চিতকরণ এবং মাদক প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩১ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
অভিযানে খাদ্য উৎপাদন ও বিক্রয় এবং ঔষধ বিক্রয়ের সঙ্গে জড়িত বিভিন্ন দোকান ও কারখানা পরিদর্শন করা হয়। এ সময় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের খাবারও পরিদর্শন করে সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য সংরক্ষণ ও পরিবেশন বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।
অভিযানকালে একটি রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রং ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি খাদ্য উৎপাদনকারী কারখানায় উৎপাদিত খাবারের স্থানে পাখির মল পাওয়ায় প্রতিষ্ঠানটিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, দুটি ফার্মেসিতে ঔষধ সংরক্ষণের জন্য নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের ঔষধের গুণগত মান ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়।
একইদিন মাদক প্রতিরোধে উপজেলার টরকী চাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকাসক্ত একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং খাদ্য, ঔষধ ও সংশ্লিষ্ট আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হয়।
অভিযানে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ, জেলা নিরাপদ খাদ্য অফিসার, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ইনস্পেকটর এবং স্যানিটারি ইন্সপেক্টর।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য ও ঔষধ নিশ্চিতকরণ এবং মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।