
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর, নলচিড়া ও মোল্লারখাল এলাকায় আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্পিডবোটযোগে তিনি ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন।
সম্প্রতি আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এসব এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করায় বসতভিটা, ফসলি জমি ও স্থানীয় স্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নদীর অব্যাহত ভাঙনে অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সরেজমিনে ভাঙনের চিত্র দেখে স্থানীয়দের সঙ্গে কথা বলেন জহির উদ্দিন স্বপন।
পরিদর্শনকালে তিনি ভাঙনকবলিত এলাকার মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের আশ্বাস দেন। পরে তিনি মিয়ারচর লক্ষ্মীপুর এলাকায় নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন।
এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের পক্ষ থেকে মিয়ারচরবাসীকে নদীভাঙনের কবল থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হবে।
এর আগে গত ২১ সেপ্টেম্বরও মিয়ারচর ও মোল্লারখাল এলাকার নদীভাঙনের বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়ার খবর প্রকাশিত হয়। স্থানীয়দের দাবি, ভাঙন দ্রুত রোধ করা না গেলে বসতভিটা ও জীবন-জীবিকার ওপর আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সাইফুর রহমান শরীফ স্বপনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে জহির উদ্দিন স্বপনের নিয়োগের বিষয়টি গত ২২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।