
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
মাদকবিরোধী অভিযানের মধ্যেই প্রায় দুই লাখ টাকা খরচ করে সপরিবারে কক্সবাজার ভ্রমণে গিয়েছিল বরিশাল নগরীর কেডিসি এলাকার একটি দল। পাঁচ দিন পর কক্সবাজার থেকে বরিশালে ফেরার পথে বাসে তল্লাশি চালিয়ে তাদের পাঁচজনকে হেফাজতে নেয় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে পূর্বের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া পাঁচজন হলেন—বরিশাল নগরীর কেডিসি বস্তির নিলুফা বেগম (৩৩), তার স্বামী রাসেল হাওলাদার (৩৪), একই এলাকার মো. সোহেন (২৯), মো. মিঠু হাওলাদার (৩০) ও আসমা বেগম (৩৩)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপপরিদর্শক তানজিল আহমেদ জানান, নিলুফা বেগমের নামে ৯টি, রাসেল হাওলাদারের নামে দুটি, মো. সোহেনের নামে চারটি, মিঠু হাওলাদারের নামে দুটি এবং আসমা বেগমের নামে তিনটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চলার মধ্যে কেডিসি এলাকার ওই দলটি প্রায় দুই লাখ টাকা ব্যয়ে ইউরো পরিবহনের একটি স্লিপার বাস ভাড়া করে পরিবারসহ কক্সবাজারে যায়। সেখানে পাঁচ দিন অবস্থানের পর সোমবার দুপুরে তারা বরিশালের উদ্দেশে রওনা হয়।
ফেরার পথে বরিশাল বিমানবন্দর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বাসটি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালায়। এ সময় ওই পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়। তবে তল্লাশির সময় তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে থাকা আগের মাদক মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি হয়েছে—মাদকবিরোধী অভিযানের মধ্যেও একদল অভিযুক্তের বিপুল অর্থ ব্যয়ে দলবদ্ধভাবে কক্সবাজার ভ্রমণ এবং ফেরার পথে পুলিশের হাতে ধরা পড়ার বিষয়টি নতুন করে নজরে এসেছে।