
পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-
বরিশালের গৌরনদীতে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল ও বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর মন্তব্য, শিক্ষার্থীদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক যুবককে আটক করা হয়। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার নাঠৈ মাধ্যমিক বিদ্যালয়ে এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে বিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ওই যুবকের আচরণ নিয়ে অভিযোগের বিষয়টি সামনে আসে। বিশেষ করে ছাত্রীদের উদ্দেশে শ্লীলতাহানিকর মন্তব্য, ছাত্রদের ওপর অপরাধমূলক বলপ্রয়োগ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের পর তাকে আটক করা হয়।
পরে প্রচলিত আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ইভটিজিং, শিক্ষার্থীদের হয়রানি এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাকে প্রশাসন জনস্বার্থে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।