
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ
রাজধানী ঢাকায় আত্মীয়ের বাসায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি বরিশালের গৌরনদীর ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি সেন্টু ভূইয়ার (৫৫)। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল এসআরবি-৮-এর একটি দল।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাতিরঝিল থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেন্টু ভূইয়া গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার মৃত হাসেম ভূইয়ার ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সেন্টু ভূইয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে বরিশাল এসআরবি-৮-এর সদস্যরা রাজধানীর হাতিরঝিল এলাকায় তার এক ঘনিষ্ঠ আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গ্রেপ্তার আসামিকে বরিশালের অতিরিক্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩ নভেম্বর গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী সেন্টু ভূইয়া ১৩ বছর বয়সী সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে নিজের বাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ৯ নভেম্বর রাতে গৌরনদী থানায় সেন্টু ভূইয়াকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আত্মগোপনে ছিলেন সেন্টু ভূইয়া। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে তার অবস্থান শনাক্তের পর পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন তিনি।