মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর ঐতিহ্যবাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদ্যাপনের প্রস্তুতি চলছে। এ আয়োজনকে সামনে রেখে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা।
সাক্ষাৎকালে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা, প্রস্তুতি এবং সার্বিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের আয়োজনের বিষয়গুলো তুলে ধরেন।
আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুবর্ণজয়ন্তী উদ্যাপন সফল করতে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি বিদ্যালয়ের ৫০ বছর পূর্তির এ আয়োজনের সার্বিক সফলতা কামনা করেন।
বিদ্যালয়ের প্রকাশিত ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে সুবর্ণজয়ন্তী উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উৎসবকে ঘিরে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দীর্ঘ পাঁচ দশকের শিক্ষার পথচলা, স্মৃতি ও অর্জনকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়টির এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।