প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিন কিশোর বন্ধু। একসঙ্গে ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না তাদের। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আটিপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়।
নিহতরা হলো—আটিপাড়া গ্রামের কবির টালীর ছেলে সৌরভ টালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পার্শ্ববর্তী ধামসুর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়েছিল। সন্ধ্যার দিকে আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায় বলে জানা গেছে।
একসঙ্গে তিন বন্ধুর এমন করুণ মৃত্যুতে আটিপাড়া ও আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক, স্বজন ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। যে তিন বন্ধু একসঙ্গে পথ চলত, সেই পথেই মর্মান্তিক দুর্ঘটনায় থেমে গেল তাদের জীবন।
উজিরপুর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি ও চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।