বাল্যবিবাহ, মাদক ও জুয়াসহ সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতার আহ্বান
সাগর কুমার বাড়ই, তেরখাদা (খুলনা) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ প্রতিরোধে উদ্বুদ্ধ করতে খুলনার তেরখাদায় সরকারি নর্থ খুলনা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের শ্রেণিকক্ষে এ সভায় শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহমেদ আলী বিশ্বাস।
মতবিনিময়কালে তিনি বাল্যবিবাহ, মাদক, জুয়া ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন। এসব বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার পাশাপাশি নিজেদের পরিবার ও সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ওসি মো. আহমেদ আলী বিশ্বাস বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ অর্জন করতে হবে। একটি নিরাপদ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমৃদ্ধ দেশ গঠনে এগিয়ে আসার জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো. মনিরুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান লেবু এবং তেরখাদা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ ২১ বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এস এম মফিজুল ইসলাম জুম্মান।
প্রভাষক অনির্বাণ রায়ের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রভাষক মঞ্জুর এলাহী ও ক্রীড়া শিক্ষক মো. দেলোয়ার হোসেন দিলুসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের এমন সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আইন মেনে চলার মানসিকতা ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।