মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে ভোটের প্রচারণা সময়ের সাথে সাথে জমে উঠেছে। জামায়াতে ইসলামী, বিএনপি ও এবি পার্টির প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন। ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণ ও পথসভায় মুখর হয়ে উঠেছে নগরীর বিভিন্ন এলাকা।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২৫১ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৫ জন। নগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর, কোর্ট এলাকা, শিরোইল, উপশহরসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় প্রার্থীরা আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে উন্নয়ন পরিকল্পনা, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবা উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
রাজশাহী-২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদ প্রার্থী মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন। শনিবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ১ নং ওয়ার্ডেন রায়পাড়া, কাশিয়াডাঙ্গা মোড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এ গণসংযোগ করেন। গণসংযোগকালে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ওই এলাকা।
কর্মসূচীর শুরুতেই বিএনপি প্রার্থী মিনু সেখানে নেতাকর্মীদের সাথে নিয়ে দোয়া করেন। এরপর তিনি গণসংযোগ কর্মসূচী শুরু করেন। ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।
গণসংযোগকালে মিনু বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে।” নির্বাচিত হলে রাজশাহী-২ আসনের উন্নয়ন ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করার আশ্বাস দেন তিনি। অপেক্ষাকৃত অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করা হবে। কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষিত কেউ যাতে বেকার না থাকে সেই ব্যবস্থা করা হবে।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন,সহসভাপতি আসলাম সরকার,এড. ওয়ালিউল হক রানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সাবেক যুবদল নেতা মাইনুল হক হারু, কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুল হাসান হিমেল, রাজশাহী মহানগর কৃষকদলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলাইন, যুবদল নেতা সোহেল রানা দিপু, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা টিংকু, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণা চালান। গণসংযোগ শেষে ১ নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থী মিনুকে বিজয়ী করার আহ্বান জানান।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রমুখ।
এদিকে, বিকেল সাড়ে ৪টায় নগরীর ২ নং ওয়ার্ড কোর্ট স্টেশন থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মিনু।
এ সময় মহানগর বিএনপির সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগে মহিলা দলের নেতাকর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন। সন্ধ্যা পর্যন্ত ২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ চলে।দাঁড়িপাল্লা প্রতিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, রাজশাহী সদরকে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে। মানুষ পরিবর্তন চায়। জনগণের ভোটে নির্বাচিত হলে নগরীর জলাবদ্ধতা, যানজট ও বেকারত্ব নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
এবি পার্টির প্রার্থীও তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে স্বচ্ছ রাজনীতি ও আধুনিক নগর ব্যবস্থাপনার কথা তুলে ধরেন।ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রার্থীদের ঘন ঘন উপস্থিতি ও সরাসরি যোগাযোগে তারা সন্তুষ্ট। তবে অনেকেই বলছেন, শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবায়নযোগ্য পরিকল্পনাই তাদের ভোটের সিদ্ধান্ত নির্ধারণ করবে। সব মিলিয়ে রাজশাহী-২ সদর আসনে প্রতিদ্বন্দ্বিতা দিন দিন তীব্র হচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় কে কতটা ভোটারকে নিজের পক্ষে টানতে পারেন, সেদিকেই এখন সবার নজর