
মোঃসোহেল রানা রাজশাহীঃ-
রাজশাহীতে পৃথক দুটি অভিযানে ২৪টি ককটেল ও ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫। মঙ্গলবার ভোরে ও রাতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল নগরীর উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করে।
একই রাতে র্যাব-৫ এর আরেকটি দল রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র জব্দ করে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং ২টি হাতলযুক্ত হ্যামার।
মঙ্গলবার বিকেলে র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা আলামত আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।