মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর:-
মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল এবং হিফজ সম্পন্নকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত বুধবার (৮ নভেম্বর) বাদ জোহর মাদরাসা ময়দানে আয়োজিত এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মাহফিলে স্থানীয় এলাকাবাসী ছাড়াও বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কোরআনের নূর ছড়ানোর এই মাহফিল গভীর রাত পর্যন্ত চলে।
এসময় বনগ্রাম খাদিমুল ইসলাম সুন্নাতীয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল বারী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও শাইখুল হাদিস মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী (মুহতামিম, সুলতানশাহী মাদ্রাসা, গোপালগঞ্জ)। এছাড়া বিশেষ বক্তা হিসেবে মূল্যবান আলোচনা পেশ করেন ধুলগ্রাম হামিউস সুন্নাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি তাজুল ইসলাম ফারুকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার হামেদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ আবুল খায়ের এবং কাঁচপুরি সেন্টার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা গোলাম হুসাইন।
মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধান এবং স্থানীয় এলাকাবাসী ও প্রতিষ্ঠাতা পরিষদের ঐকান্তিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল রূপ লাভ করে। দেশের দূরদূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতে মাদরাসা প্রাঙ্গণ এক অভূতপূর্ব আত্মিক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের আকর্ষণীয় পর্বে পবিত্র কোরআনে হাফেজ হওয়া কৃতি ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
পরিশেষে আগত সকল মেহমান ও মুসল্লিদের তবারক বিতরণের মাধ্যমে এই মহতী আয়োজনের সমাপ্তি ঘটে।