মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) প্রথমে দলীয় নেতা কর্মীদের নিয়ে কালকিনি উপজেলা রিটার্নিং অফিসার সাইফ-উল- আরেফীন এর কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়,পরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম এর কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। মাদারীপুর-৩ আসনে আনিসুর রহমান খোকন তালুকদার একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। জনগণের প্রত্যাশা পূরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তারা।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, “আমি বিএনপির একজন প্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমি মাদারীপুর-৩ আসনের সকল জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, তাঁর রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চাই। পাশাপাশি দেশনায়ক তারেক রহমান দেশে এসেছেন, তিনি যেন সুন্দরভাবে বাংলাদেশের মানুষের পাশে থেকে দেশ পরিচালনা করতে পারেন।
তিনি আরো বলেন সতেরো বছর গুমখুন নির্যাতনের শিকার ও জুলাই আন্দোলনে সকল শহীদদের স্মরণ করছি। আগামীতে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেন নির্যাতিত মানুষের পাশে থাকতে পারি এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। মাদারীপুরের মানুষ আমাকে সুযোগ দিলে তাদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করবো।”