মোঃ তরিকুল ইসলাম রিপন, মাদারীপুরঃ-
আজ ৩ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় মাদারীপুর সরকারি কলেজ এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। কলেজের আবাসিক ছাত্রদের উপর বহিরাগত বকাটে যুবকদের হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।
অবরোধ চলাকালে ছাত্ররা সড়কে টায়ার জ্বালিয়ে, রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে বেরিকেট সৃষ্টি করে। এতে সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয় এবং দুই ঘণ্টাব্যাপী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।
অভিযোগ অনুযায়ী, কিছু বহিরাগত বকাটে যুবক নিয়মিতভাবে কলেজ ক্যাম্পাসে নেশার আড্ডা দিয়ে আসছে। আবাসিক ছাত্ররা এতে বাধা দিলে তাদের ওপর বেদম প্রহার করা হয়। এতে একজন ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে আবাসিক ছাত্ররা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। তারা হুঁশিয়ারি দিয়ে জানায়— আজ রাতের মধ্যেই হামলাকারী বকাটে যুবকদের গ্রেপ্তার না করলে, আগামীকাল সকাল থেকেই আবারও সড়ক অবরোধ করা হবে।
এসময় সদর থানার ওসি মো. আদিল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদের শান্ত করার চেষ্টা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেন।
ঘটনার কারণে দীর্ঘ সময় সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম ভোগান্তির শিকার হতে হয়।