মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরে মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করার লক্ষ্যে এক হয়ে মাঠে নেমেছেন সর্বস্তরের এলাকাবাসী। শনিবার সন্ধায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের টুবিয়া বাজারে মাদকবিরোধী এক মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দা, শিক্ষক,অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে (জিরো টলারেন্স) নীতি ঘোষণার পাশাপাশি মাদক কারবারি ও সেবনকারীদের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন।
সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন,কিছু অসাধু চক্রের কারণে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে এবং উদীয়মান তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এ পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না জানিয়ে স্থানীয়রা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার শপথ নেন।এলাকার তরুণ ও যুবসমাজকে সাথে নিয়ে রাতের বেলা বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার করা হবে।সভায় উপস্থিত মুরুব্বি ও সমাজসেবকরা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নিজেদের সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। কোনো পরিবারে মাদকের আভাস পাওয়া গেলে শুরুতেই তা কঠোর হাতে দমন করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,দুলাল খান, জাহাঙ্গীর খান,মিজাম তালুকদার,শাহ আলম ফকির, রহিম কাজী,মাসুদ মাতুব্বর,নাইম তালুকদার,আব্দুল জব্বার মিন্টু,সাংবাদিক ইমদাদুল হক মিলন,জাকির খান,নিজাম মাতুব্বর,সোহেল মাতুব্বর,এমদাদ খান,বাসার ঘরামী,আয়নাল খান,ইদ্রিস মোল্লা,গাজী খান, রফিক তালুকদার প্রমুখ।