নাসির উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার:-
মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানা যায়। পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শিবচর ও মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে শিবচর থানার গুয়াতলা বাহেরচর এলাকায় শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠের পূর্ব পাশে তপু হাওলাদারের গাড়ির গ্যারেজের সামনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় লিখন খান (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার লিটন খানের ছেলে। পরে তাঁর দখল থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
একই রাতে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মাদারীপুর সদর থানার পশ্চিম রাস্তি এলাকায় পশ্চিম রাস্তি সার্বজনীন দুর্গামন্দিরের পেছনে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রতন মন্ডল (৪২) ও সজিব মোল্লা (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা উভয়েই পশ্চিম রাস্তি এলাকার বাসিন্দা। তাঁদের দখল থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।
দুটি অভিযানে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।