মোঃ রেজাউল হোসেন খান, মাদারীপুরঃ-
মাদারীপুর, ২৫ এপ্রিল ২০২৬: জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ কার্যক্রমের প্রচার-প্রচারণা জোরদার ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন, মাদারীপুর।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মারজিনা আক্তার। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত রাখতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রমকে সফল করতে গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য।
সভায় উপস্থিত সাংবাদিকরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং এর ব্যাপক প্রচারের উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সঠিক প্রচারণা থাকলে এ উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, জেলার বিভিন্ন উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং এর মাধ্যমে তরুণদের ক্রীড়ামুখী করতে নানা উদ্যোগ নেওয়া হবে।