মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরের কালকিনি উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রহমান বেপারী (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকায় এ অভিযান পরিচালনা করে কালকিনি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের কঠোর দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে ক্ষুদ্রচর এলাকার একটি বসতবাড়ির সামনে পাকা সড়কে অবস্থানরত রহমান বেপারীর ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। পরে আইনি প্রক্রিয়া মেনে জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রহমান বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।
মাদক কারবারির গ্রেফতারের বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, "মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কালকিনি থানা পুলিশের কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত রয়েছে।"
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতিসহ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।