মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-
নাটোরের লালপুরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার ৫ সদস্য। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার সোহাগ মাহমুদ (২৫) নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
আহত র্যাব সদস্যরা বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন বলে জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম। মঙ্গলবার রাতেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় সদস্য সাদাপোশাকে নবীনগর গ্রামে যান। এ সময় নদীর তীরবর্তী একটি স্থানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের মোটরসাইকেল আটকে দেন ওই যুবকরা। তাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান র্যাব সদস্যরা। এ সময় একাধিক মোটরসাইকেলের চাবি কেড়ে নেন ওই যুবকরা। পরে র্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালান ওই যুবকরা।
খবর পেয়ে লালপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে র্যাবের পাঁচ সদস্যকে আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, আহত র্যাব সদস্যদের শারীরিক আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়েছে।
পুরাতন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন বলেন, তিনি র্যাব সদস্যদের মারধরের ঘটনাটি জেনেছেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, র্যাবের মাদকবিরোধী অভিযানের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে তথ্য সংগ্রহের জন্য র্যাবের ছয় সিভিল সদস্য ঘটনাস্থলে যান। সেখানে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরও কিছু ব্যক্তি খারাপ আচরণ করে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।