প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফয়সাল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় তার এক সহযোগী মো. আজিজুল সরদারকেও আটক করা হয়েছে।
গ্রেপ্তার ফয়সাল হাওলাদার গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার রামনগর-নবীনগরের বাসিন্দা মো. আজিজ হাওলাদারের ছেলে। আটক আজিজুল সরদার একই এলাকার মৃত আবু কালাম সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের দিকনির্দেশনায় এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সুন্দরদী মৌজার নবীনগর ও রামনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ফয়সাল হাওলাদারকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ফয়সাল হাওলাদার দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানের সময় তার সঙ্গে থাকা আজিজুল সরদারকেও আটক করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, “সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, কালোবাজারিসহ যেকোনো ধরনের অপরাধ নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গৌরনদী মডেল থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক কারবার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।