বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টে পুরুষ বিভাগে কোতয়ালী থানা দল চ্যাম্পিয়ন এবং কাউনিয়া থানা দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিএমপির পুলিশ লাইন্স মাঠে আনন্দঘন পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে নারী বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কাউনিয়া থানা দল কোতয়ালী থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কাউনিয়া নারী দলের ঝর্ণা শ্রেষ্ঠ খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন।
পরে পুরুষ বিভাগের ফাইনাল খেলায় কোতয়ালী থানা দল ৬৫-২৪ পয়েন্টে কাউনিয়া থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের ইমরান শ্রেষ্ঠ খেলোয়াড়ের ট্রফি লাভ করেন।
খেলা শেষে বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মোহম্মদ ছালেহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।