মোঃ কাওছার হোসে, বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশাল জেলার বানারীপাড়ায় জাল পর্চা (খতিয়ান) সরবরাহের দায়ে মোঃ জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ১৯ অক্টোবর বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সি ভূমি অফিস চত্বরে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মোঃ জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নানা ভুয়া তথ্য ও জাল কাগজপত্র সরবরাহ করে প্রতারিত করে আসছিলেন। সোমবার দুপুরে তিনি এক সেবাগ্রহীতাকে জাল পর্চা সরবরাহ করার সময় হাতেনাতে ধরা পড়েন। পরবর্তী সময়ে বানারীপাড়া সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট দণ্ডবিধির আওতায় তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানারীপাড়া সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সি জানান, "ভূমি অফিসে আসা সাধারণ সেবাগ্রহীতা যেন কোনো প্রতারক বা দালালের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে রয়েছি। জাল কাগজপত্র তৈরি ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানা দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।