আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
বরিশালের বাকেরগঞ্জে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া পৃথক অভিযানে গাঁজাসহ আটক আরও তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বাকেরগঞ্জ থানা পুলিশের পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় পলাতক আসামি আবুল বাশার হাওলাদারের (৩০) বসতঘরের শয়নকক্ষে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ঘর থেকে ৩ কেজি গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র ও একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ভরপাশা এলাকার মো. আরাফাত ইসলাম (১৯) ও মোসা. ছালমা বেগমকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, একই দিন রাত ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার ৯ নম্বর কলসকাঠী ইউনিয়নের বড় কর্মকার বাড়ির সামনের পাকা সড়কে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. মকবুল সিকদারকে (৪১) তিন পুরিয়া গাঁজাসহ আটক করায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় মোস্তাক হোসেন শিহাব (১৯) ও রুহিদ দাসকে (১৯) এক পুরিয়া করে গাঁজাসহ আটক করা হলে তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পুলিশ জানায়, বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মুস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধান ও নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানা পুলিশ। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।