প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,বরিশাল গৌরনদীঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের ৩৬ জন প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের মধ্যে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক প্রদান করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এর মধ্যে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) পাঁচজনকে, বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) আটজনকে, বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ-মুলাদী) ছয়জনকে, বরিশাল-৪ আসনে (হিজলা-মেহেন্দিগঞ্জ) পাঁচজনকে, বরিশাল-৫ আসনে (সদর) ছয়জনকে এবং বরিশাল-৬ আসনে (বাকেরগঞ্জ) ছয়জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
যেখানে ৩৫ জন প্রার্থী দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন এবং জেলার একমাত্র আলোচিত স্বতন্ত্র প্রার্থী বরিশাল-১ আসনের (গৌরনদী ও আগৈলঝাড়া) ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে তার কাঙ্ক্ষিত ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৪৩ জন। এরমধ্যে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ৩৬ জন প্রার্থী রয়েছেন।
সূত্রে আরও জানা গেছে, দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের তাদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বরিশাল-১ সংসদীয় আসন (গৌরনদী-আগৈলঝাড়া) স্বতন্ত্র ও দলীয় প্রতীক পেয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন- ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খাঁন- দাঁড়িপাল্লা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান- ফুটবল প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী-বাই সাইকেল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী রাছেল সরদার মেহেদী- হাঁতপাখা প্রতীক।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে বরিশালে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
অপরদিকে বরিশালের ছয়টি আসনের প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারনা শুরু করেছেন। সবমিলিয়ে পুরো নির্বাচনী আমেজ ছড়িয়ে পরেছে গোটা বরিশালজুড়ে।