৩১ পিস ইয়াবা, নগদ ৪ হাজার ২০০ টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ।
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরগুনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (৮ নভেম্বর) বরগুনা সদর ও পাথরঘাটা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা সদর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকারের নেতৃত্বাধীন একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে জেলা মৎস্য অধিদপ্তরের পশ্চিম পাশের বালুর মাঠে অভিযান চালিয়ে গোপাল বৈরাগী (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের পকেটে থাকা চা পাতার একটি ছোট প্যাকেট থেকে বিশেষ কায়দায় রাখা ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করে পুলিশ। গ্রেপ্তার গোপাল বৈরাগী বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানা পাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, একই দিন পাথরঘাটা থানা এলাকার পূর্ব হাড়িটানা গ্রামের ট্যাঙ্গাতলা তিন রাস্তার মোড়ে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশের আরেকটি দল। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ রাজিব হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব হাড়িটানা গ্রামের মো. ইউসুফ হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার গোপাল বৈরাগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে রাজিব হাওলাদারের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাঁর নির্দেশনায় মাদক, চাঁদাবাজি, অবৈধ দখলদারত্ব, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।