প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বরিশাল নগরীর নতুন বাজার ও সদর রোড এলাকায় জনসাধারণের চলাচলের পথ দখল এবং অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চারটি প্রতিষ্ঠানে মোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি রেস্টুরেন্টকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ঘরোয়া রেস্টুরেন্টকে ২০ হাজার, পার্টি বিরিয়ানি হাউজকে ৫ হাজার এবং রোজ বিলাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে আরও একটি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।