আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বরিশালের গৌরনদীর পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক বনায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভা ও কর্মসূচির উদ্বোধন করেন পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়। এ সময় ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন গৌরনদী ব্র্যাক শিখা প্রকল্পের ভলান্টিয়ার তৃণা রায়।
বৃক্ষ উপহার অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় বলেন , পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ বিপর্যয় রোধে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে।
তিনি আরও বলেন, বৃক্ষ বৈশ্বিক উষ্ণতা কমাতে, মাটির ক্ষয় ও বন্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ফল, কাঠ ও ঔষধি উপাদানের মাধ্যমে গাছ মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিতেও অবদান রাখে। তাই মানবজাতি ও পৃথিবীর অস্তিত্ব রক্ষায় প্রত্যেকের নিয়মিত বৃক্ষরোপণ করা জরুরি।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মুজিবুর রহমান, সহকারী শিক্ষক এইচ এম ইলিয়াস, বিভূতি হালদার, সত্যরঞ্জন বিশ্বাস, রাজারাম সাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।