মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঐতিহ্যবাহী মুলশ্রী যুবসমাজের উদ্যোগে গ্রামের শেষ আশ্রয়স্থল কবরস্থানের উন্নয়নকাজ শুরু হয়েছে। ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার) ভোর থেকে কবরস্থানে মাটি ভরাট কার্যক্রমের প্রথম দিনের কর্মযজ্ঞে অংশ নেন স্থানীয় ও প্রবাসী যুবকরা। মানবিক এ উদ্যোগে গ্রামের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা লক্ষ্য করা গেছে।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানের বিভিন্ন স্থানে নিচু জমি ও জলাবদ্ধতার কারণে দাফন কার্যক্রমে নানা সমস্যা সৃষ্টি হচ্ছিল। এসব সমস্যা দূর করে কবরস্থানকে আরও উপযোগী ও সুন্দর পরিবেশে গড়ে তুলতেই মাটি ভরাট কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। স্থানীয় যুবসমাজের পাশাপাশি প্রবাসী মুলশ্রীবাসীর আর্থিক ও নৈতিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
মুলশ্রী যুবসমাজ দীর্ঘদিন ধরে নীরবে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। কবরস্থান উন্নয়ন কার্যক্রমও তাদের চলমান জনকল্যাণমূলক উদ্যোগের অংশ।
সংগঠনের সহযোগী ইসলাম চৌধুরী বলেন, “আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। কবরস্থান উন্নয়নের এই মহৎ কাজে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
স্বেচ্ছাসেবক শেখ আলী বলেন, “মানবতার সেবায় কাজ করতে পারাটাই আমাদের বড় প্রাপ্তি। আমরা চাই এই উদ্যোগ গ্রামের মানুষের উপকারে আসুক এবং আল্লাহ যেন আমাদের এ প্রচেষ্টা কবুল করেন।”
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কবির তপন বলেন, “প্রবাসী ও স্থানীয় যুবকদের সমন্বয়ে পরিচালিত এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। গ্রামবাসীও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যা সামাজিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত।”
১০নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুলশ্রী গ্রামের বাসিন্দা মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “প্রবাসী যুবকদের এমন মহৎ উদ্যোগকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। এর আগেও তারা বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামের মানুষের প্রশংসা অর্জন করেছে। কবরস্থান উন্নয়নের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি সওয়াবের কাজ। আমি ব্যক্তিগতভাবে এ কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।”
মুলশ্রী যুবসমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, কবরস্থান উন্নয়ন কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষকে এ মহৎ কাজে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।