মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-
রোববার (৫ জুলাই) বিকেল ৩টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাজেট সভায় পৌর প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) সাখওয়াদ আলী, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহেল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আব্দুল্লাহ বিন জিয়া জানান, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ২২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ৯৮৫ টাকা। এছাড়া উন্নয়নসহ বিভিন্ন খাতে আয়-ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আধুনিক আলোকসজ্জা, নাগরিক সেবার সম্প্রসারণ এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পৌরবাসীর জীবনমান উন্নয়ন ও একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য।
পৌর প্রশাসক আরও বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি উন্নত ও সেবাবান্ধব পৌরসভা গড়ে তোলা সম্ভব।
বাজেট ঘোষণা শেষে উপস্থিত অতিথিরা পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।