মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ সংরক্ষিত ও আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত একটি সাইনবোর্ডে জানানো হয়েছে যে, প্রতিদিন সন্ধ্যা ৭টার পর উপজেলা পরিষদের পুকুরপাড়ে অবস্থান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি স্থাপনার নিরাপত্তা, আবাসিক পরিবেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর অনেক সময় পুকুরপাড়ে অপ্রয়োজনীয় ভিড় ও আড্ডার কারণে পরিবেশ বিঘ্নিত হতো। প্রশাসনের এই উদ্যোগে এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন সকল নাগরিককে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। সাইনবোর্ডে "আদেশক্রমে- উপজেলা প্রশাসন, দেবীগঞ্জ, পঞ্চগড়" উল্লেখ করে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানানো হয়েছে।
ছবিঃ দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত সতর্কতামূলক সাইনবোর্ড।