মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদক,মাদারীপুরঃ-
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বালিগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. চুন্নু বেপারী।
শুক্রবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল ও প্রাণবন্ত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সাবেক ইউপি সদস্য আব্দুল ছালাম হাওলাদারের সভাপতিত্বে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সভাটি এক জনসমুদ্রে পরিণত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল ছালাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন আহাদ মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন আবু তালেব মাস্টার, বালিগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আশরাফ ভান্ডারী, ডাসার উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক আকবার হাওলাদার, জহির তালুকদার, ইসমাইল আকন ও মো. ইউসুফ বেপারীসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় বক্তারা এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে মো. চুন্নু বেপারীর পক্ষে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় নির্বাচনী মতবিনিময় সভায় আবেগঘন বক্তব্যে মো. চুন্নু বেপারী বলেন, "আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করছি। দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের এলাকার সার্বিক উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার লক্ষ্যেই আমি আপনাদের সেবা করার এই সুযোগটি চাচ্ছি।"
তিনি আরো বলেন,নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি একগুচ্ছ যুগান্তকারী পরিকল্পনা তুলে ধরেন:
এছাড়া যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড জিরো টলারেন্সে এনে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোই হবে আমার মূল লক্ষ্য,এলাকার রাস্তাঘাট পাকা করা এবং কাঁচা রাস্তাগুলোর দ্রুত সংস্কার নিশ্চিত করা,জন্মনিবন্ধন, মৃত্যুসনদ ও ভিজিডি/ভিজিএফ কার্ডসহ ইউনিয়ন পরিষদের সকল সেবা সম্পূর্ণ ঘুষ ও হয়রানিমুক্ত করা।
স্থানীয় স্কুল-মাদ্রাসা ও এতিমখানার মান উন্নয়নে সহযোগিতা এবং হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসার ব্যবস্থা করা এবং দলমত নির্বিশেষে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে এলাকার অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধ নিরসন করা।
উন্নয়ন আর সুশাসনের এক আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের মূল্যবান ভোট, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।