পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:-
বরিশালের গৌরনদীতে উপজেলা পূজা উদযাপন কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবগঠিত কমিটিতে প্রেমানন্দ ঘরামীকে সভাপতি এবং তাপস বণিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ধর্মীয় উৎসবের সুষ্ঠু আয়োজন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় নিয়ে নতুন কমিটি গঠন করা হয়।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ এবং সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন।
সভায় নবনির্বাচিত সভাপতি প্রেমানন্দ ঘরামী ও সাধারণ সম্পাদক তাপস বণিকসহ আশিস হালদার, বিপুল হালদার, শ্রীকৃষ্ণ চক্রবর্তী এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পূজা উদযাপন কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে এবং গৌরনদীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর অবদান রাখবে।