পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় গৌরনদীর প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগ ও সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বাদশা শিকদার, সহকারী শিক্ষক মাছুমা পারভীন, গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এস এম জুলফিকার, সহ-সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন এবং প্রচার সম্পাদক পলাশ তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা কমিটির আহ্বায়ক মো. তাসিন ইসলাম, যুগ্ম আহ্বায়ক তিতু বালা, সদস্যসচিব মোমিনুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সেজা আলম, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া ইসলাম অধরা এবং নির্বাহী সদস্য তাসফিয়া আলম অহনা ও ইসরাত জাহানসহ সংগঠনের অন্যান্য সদস্য।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও হংকংপ্রবাসী লায়ন দিদার সরদারের সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগানোই নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।
পাশাপাশি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।