পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদীতে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গৌরনদী উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মোঃ ইব্রাহীম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকান্দার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।
কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে খেসারি, মুগ, সরিষা, সয়াবিন ও সূর্যমুখী ফসলের বীজসহ প্রয়োজনীয় সার বিতরণ করা হবে।
কৃষি উৎপাদন বৃদ্ধি, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং রবি শস্য চাষে কৃষকদের উৎসাহিত করার মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতিকে আরও সমৃদ্ধ করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।