পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-
সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি, বিদ্যুৎ উৎপাদনের সুফল বৈধ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের লক্ষ্যে মঙ্গলবার (১৬ জুন ২০২৬) বরিশালের গৌরনদী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে গৌরনদী জোনাল অফিসের উদ্যোগে বকেয়া বিল পরিশোধ না করায় ২৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে বিদ্যুতের অবৈধ ব্যবহার ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একজন ব্যক্তি বৈধ গ্রাহকদের বিদ্যুৎ প্রাপ্তিতে বিঘ্ন সৃষ্টি করে অবৈধ সংযোগ ব্যবহার করার দায়ে দোষী সাব্যস্ত হন। এ সময় তাকে বিদ্যুৎ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, সরকারি রাজস্ব আদায় নিশ্চিত করা এবং বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদানের স্বার্থে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে বিদ্যুতের অবৈধ ব্যবহার ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।