গৌরনদী প্রতিনিধিঃ- বরিশালের গৌরনদী উপজেলায় মালিকানা বিরোধকে কেন্দ্র করে ‘আরিফ ফিলিং স্টেশন’ নামের একটি তেলের পাম্পে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার কটকস্থলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান ও তার পুত্ররা তাদের মালিকানা দাবি নিয়ে পাম্পে গেলে উত্তেজনার সূত্রপাত হয়। এসময় প্রথম মালিকপক্ষ হারুন অর রশিদ বেপারী পালিয়ে যাওয়ার সময় তার মেয়ে পপি বেগম ও জামাতা আজমল সোহাগ হারুনের দুই বোন—সকিনা বেগম (৫৫) ও ছালমা বেগম (৫২)-এর ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। আহত দুইজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় চারজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত হারুন অর রশিদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, “পরিস্থিতি শান্ত রাখতে আপাতত পাম্প বন্ধ রাখতে বলা হয়েছে এবং উভয়পক্ষকে মালিকানার কাগজপত্রসহ ইউএনও অফিসে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।”
সরেজমিনে জানা যায়, ২০২০ সালে হারুন অর রশিদ বেপারী তেলের পাম্পটির নির্মাণ শুরু করেন। পরে আর্থিক সংকটে পড়ে ২০২১ সালে মোট ১০ আনার মধ্যে ৬ আনা ফরহাদ হোসেন এবং ৪ আনা মজিবর রহমান মাঝিকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বিক্রি করেন। পরবর্তীতে ফরহাদ তার অংশ মজিবরের বড় ছেলে মানিক মাঝিকে হস্তান্তর করেন। একই সঙ্গে হারুন ব্যবসার প্রয়োজনে হীরা মাঝির কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নেন।
মজিবর মাঝি পরিবার দাবি করছেন, মালিকানা ও ধার শোধে টালবাহানার কারণে তারা বারবার প্রশাসনের দ্বারে ঘুরছেন।