আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ প্রতিরোধে বরিশালের গৌরনদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় গৌরনদী মডেল থানার আয়োজনে উপজেলার নলচিড়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেলের নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন পুলিশ কর্মকর্তারা।
সমাবেশে যৌতুক, অনলাইন সাইবার প্রতারণা, নারী নির্যাতন, মাদক, চুরি-ডাকাতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই লক্ষ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে যেকোনো অপরাধ বা অপরাধীর বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।