নিজস্ব প্রতিনিধি, রূপসা (খুলনা):
খুলনার রূপসায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় হীরকের দোকানে বসে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন জাকির হোসেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর মাথায় লাগে। এরপর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হয়ে জাকির হোসেন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে আসেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুম খান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ শুরু করেছে। জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।