নড়াইল প্রতিনিধিঃ-
নড়াইলের কালিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মির্জাপুর মহাশ্মশানে সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা মন্দিরের সেবায়েতকে প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাশ বাক্স ও প্রতিমার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) গভীর রাতে একদল ডাকাত মহাশ্মশানে প্রবেশ করে। এ সময় তারা সেবায়েতের গলায় ধারালো রামদা ঠেকিয়ে জবাইয়ের হুমকি দেয়। পরে মন্দিরে থাকা ক্যাশ বাক্স ও প্রতিমার স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের মতে, এটি শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠানে সংঘটিত ডাকাতির ঘটনা নয়, বরং সামাজিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপরও আঘাত।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এলাকাবাসী বলেন, কালিয়া দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। তাই এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে আশা করছেন স্থানীয়রা।